ঢাকাSaturday , ২৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আবার গুলির ঘটনা, এবার গুলিবিদ্ধ ওয়ার্ড যুবদল সভাপতি

admin
অক্টোবর ২৪, ২০২৬ ১০:০৩ am
Link Copied!

নুরউদ্দীন খান সোহাগঃ

খুলনার তেরখাদায় মোটরসাইকেলে এসে এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রামে সেনেরবাজার–মধুপুর সড়কে খান ব্রিকসের কাছে এ ঘটনা ঘটে। গুলিতে মো. রামীম বিশ্বাস (৩২) নামে ওই যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। তাঁর পাঁজরে গুলি লেগেছে। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত রামীম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজীগ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় রামীম পারহাজীগ্রামে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন দিক থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পাঁজরে গুলি লাগে। গুলি চালানোর পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা আহত রামীমকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে তেরখাদা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার আলামত সংগ্রহ করে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

তবে কী কারণে রামীম বিশ্বাসকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কোনো বিরোধ রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত ও জড়িত ব্যক্তিদের শনাক্তের বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।