চৌগাছায় সাত বছরের সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ, সৎ বাবা গ্রেপ্তার।
যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছায় সাত বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) শিশুটির মায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। পরে তার মা শহিদুল ইসলামকে বিয়ে করেন। এরপর থেকে শিশুটি মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে বসবাস করছিল।
অভিযোগে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে শিশুটির মা বাড়ির বাইরে শৌচাগারে গেলে ওই সুযোগে ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন শহিদুল। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা দ্রুত ঘরে ফিরে আসেন। পরে এ ঘটনা নিয়ে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে শিশুটিকে নিয়ে তার মা বাবার বাড়িতে চলে যান।
এদিকে, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন শহিদুল ইসলাম। তিনি স্থানীয় লোকজনকে নিয়ে সালিসের উদ্যোগ নিলেও তাতে সমাধান হয়নি। পরে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শিশুটির মা চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে অভিযুক্ত শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।
