দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
শরীয়তপুর প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মারুফ হোসেন (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) রাতে কেপটাউনের বুস্টারের জুলুটেম্বা এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁকে গুলি করে হত্যা করে।
নিহত মারুফ হোসেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুস সোবাহানের ছেলে। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান মারুফ। সেখানে ব্যবসা শুরু করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি। দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও দেশে ফেরা হয়নি তাঁর। চলতি বছর দেশে আসার পরিকল্পনা ছিল। তবে বিভিন্ন কারণে গত দুই মাস ধরে তাঁর দোকান বন্ধ ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহতের ভাতিজা কামরুজ্জামান কাউছার জানান, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত মারুফের ভাই বিল্লাহ হোসেনের কাছ থেকে তাঁরা মৃত্যুর খবর পান। তাঁর ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে দোকানের ক্যাশে বসে থাকা অবস্থায় মারুফের কাছে চাঁদা দাবি করে একদল সশস্ত্র ব্যক্তি। তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাবাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন ছেলে মো. সিফাত হোসেন। তিনি জানান, ছোটবেলায় বাবাকে দক্ষিণ আফ্রিকায় যেতে দেখেছেন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর বাবা আর দেশে ফিরতে পারেননি। বাবার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।
প্রবাসে উপার্জনের মাধ্যমে পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়া মারুফের এমন মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবি, তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হোক।
