আন্তর্জাতিক ডেস্কঃ
জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের (TAKAICHI Sanae) আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা (NAKASONE Yasutaka)। এ সময় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চার দিনের এ সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। সফরকালে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
