হাসপাতালে এমপি গাজী এনামুল হককে দেখতে গেলেন যশোরের তিন সংসদ সদস্য, চাইলেন দোয়া
নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হকের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন যশোরের তিন সংসদ সদস্য। এ সময় তাঁরা অসুস্থ সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
হাসপাতালে খোঁজ নিতে যাওয়া সংসদ সদস্যরা হলেন যশোর-১ (শার্শা) আসনের মাওলানা আজিজুর রহমান, যশোর-৪ আসনের অধ্যাপক গোলাম রসুল এবং যশোর-৬ আসনের অধ্যাপক মো. মোক্তার আলী।
পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন অ্যাডভোকেট গাজী এনামুল হক। চিকিৎসকের পরামর্শে বাড়িতে বিশ্রামে থাকার পর গত ১৯ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে যশোরের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এদিকে অসুস্থতার কারণে মণিরামপুরসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সংসদ সদস্য গাজী এনামুল হক। দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
