স্টাফ রিপোর্টার, যশোরঃ
আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চকে জনগণের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের কর্মসূচি হিসেবে উল্লেখ করেছেন যশোর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেছেন, এই লংমার্চ শুধু জামায়াতে ইসলামীর কোনো দলীয় দাবি আদায়ের জন্য নয়, বরং দেশের সর্বস্তরের মানুষের ন্যায্য দাবি প্রতিষ্ঠার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত লংমার্চের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক গোলাম রসুল বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের উদ্দেশ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় লংমার্চ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার শরিফ হুসাইনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আব্দুল করিম, যুব জামায়াতের সাধারণ সম্পাদক মাসুদ রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নুরুল ইসলাম বাবুল, প্রচার ও মিডিয়া সম্পাদক আশিকুল ইসলাম এবং অফিস সম্পাদক শরীফ বেলাল হুসাইন।
প্রস্তুতি সভায় জামায়াতের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।
