নিজস্ব প্রতিবেদকঃ
দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপরাধে জড়ালে তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং জনস্বার্থে কাজ করতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যশোর টাউন হল ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
নূরুল ইসলাম নয়ন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। এ অর্জনে আত্মতুষ্টিতে না ভুগে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারকে সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, যারা পরিকল্পিতভাবে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, তাদের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে মোকাবিলা করতে হবে। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।
যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
সমাবেশে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফ হোসেন, মোস্তফা আমির ফয়সাল, কামরুজ্জামান বাপ্পী, কবির হোসেন বাবু, আশরাফুল কবির সুমন, আরিফুল ইসলাম আরিফ, বাকিউজ্জামান রানা, রবিউল ইসলাম রবি ও তানভীর রায়হান তুহিনসহ অন্য নেতারা।
বক্তারা যুবদলের সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা এবং দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানো এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
