আমতলী (বরগুনা) প্রতিনিধি:
শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন।
শিশুদের শিক্ষার সুযোগ আরও সহজ করা এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করতে সংগঠনটির সদস্যরা এ উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষাসামগ্রী পেয়ে শিশুদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
সংগঠনের সদস্যরা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিটি শিশু যেন শিক্ষার আলোয় আলোকিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় সংগঠনের সদস্য সিফাত, আলিম ও আলিফ উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “প্রতিটি শিশুর হাতে শিক্ষা এবং প্রতিটি মুখে হাসি”— এই লক্ষ্যকে সামনে রেখে শিশুদের কল্যাণে কাজ করে যেতে চায় স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন।
সংগঠনটির মূলমন্ত্র “এসো তরুণ, বদলাই দেশ”—এই প্রত্যয়কে ধারণ করে তরুণদের অংশগ্রহণে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি।
