যশোর প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক নারী ও তাঁর শিশুসন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামী ফারুক হোসেন। তাঁকে যশোরের আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর রাজগঞ্জের দোদাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোদাড়িয়া মোড়ে চলন্ত একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেনের স্ত্রী ও তাঁদের শিশুসন্তানের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত ফারুক হোসেনকে উদ্ধার করে যশোরের আদ্-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ফারুক হোসেন মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের বাসিন্দা।
একই পরিবারের দুই সদস্যের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।
