ডুমুরিয়া প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে আনিছুর রহমান পলাশ (৪০) নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার কাঞ্চনপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেয় এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং ডুমুরিয়া উপজেলা প্রশাসনের যৌথ দল। দণ্ডপ্রাপ্ত আনিছুর রহমান পলাশ কাঞ্চনপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত লুৎফর রহমান।
ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা প্রাণী কল্যাণ আইনের ১৬ ধারা অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযান চলাকালে জব্দ করা ঘোড়ার মাংস উপস্থিত সাক্ষীদের সামনে মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়।
এসআরবি-৬-এর সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অসাধু ব্যবসায়ী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
