যশোর শহরের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শহরের ঈদগাহ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে ঈদগাহ মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোর শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী।
সমাবেশে বক্তারা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন, জুলাই স্মৃতিস্তম্ভের মতো গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্নে অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা এবং শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
