লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারের উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় উচ্ছেদ কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনায় একজন আহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাদুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা গেছে, তোরাবগঞ্জ বাজারের উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে কয়েকটি পাকা ও আধাপাকা দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন দখলদাররা। সরকারি জায়গা উদ্ধারে প্রশাসনের উদ্যোগে সোমবার উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে নির্মিত দোকানঘরগুলো ভেঙে ফেলা হয়।
অভিযান চলাকালে উচ্ছেদ কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করা হলে এক দখলদার আহত হন। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অভিযান শেষে ইউএনও মো. রাহাদুজ্জামান সাংবাদিকদের বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই। উপজেলার যেসব স্থানে সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করা হয়েছে, পর্যায়ক্রমে সেসব জায়গা উদ্ধার করা হবে। সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও) মো. আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।
