আগামীকাল ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনা সফর এসআরবির বোমা ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড মাঠে
আগামীকাল প্রধানমন্ত্রীর খুলনা সফর এসআরবির বোমা ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড মাঠে
প্রধানমন্ত্রীর বাগেরহাট ও খুলনা সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। সফর ঘিরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড কাজ শুরু করেছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি, পুলিশের টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনব্যাপী সরকারি সফরে দুই জেলায় একাধিক উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকে সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াডও নিরাপত্তার দায়িত্বে কাজ শুরু করেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, প্রধানমন্ত্রীকে চার স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে। নগরজুড়ে পুলিশের চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করবেন।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, নিরাপত্তাবিষয়ক বৈঠকে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। রূপসার কুদির বটতলা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর চলাচলের সড়কগুলো পরিদর্শন করা হয়েছে। সফর নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারে বাগেরহাটের মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করবেন।
সকাল ১০টায় মোংলা বন্দরে পৌঁছে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধাদি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সকাল ১১টা ১৫ মিনিটে সড়কপথে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার শরিফের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছে জিয়ারত করবেন।
বেলা ১টা ১৫ মিনিটে মাজার থেকে খুলনা শহরের উদ্দেশে যাত্রা করে দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
বেলা ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাগেরহাট ও খুলনা জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
