সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। আত্মসমর্পণকারী চরমপন্থী সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ও এসআরবি-১২-এর অধিনায়ক আতিকুর রহমান মিয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট।
এসআরবি-১২ জানায়, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো আত্মসমর্পণকারী চরমপন্থীদের হেফাজতে ছিল।
উল্লেখ্য, গত ১ নভেম্বর এসআরবি-১২-এর সিরাজগঞ্জ সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার সর্বহারা দলের ৬৫ জন সদস্য আত্মসমর্পণ করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত থেকেই অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে র্যাব।
আত্মসমর্পণের পরপরই বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের এ ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান কার্যক্রমের অংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
