ঢাকাWednesday , ৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সাবেক নেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ।

যশোর প্রতিনিধিঃ
নভেম্বর ৪, ২০২৬ ৫:০৬ am
Link Copied!

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বর্ষীয়ান রাজনীতিক তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ৪ নভেম্বর।

২০১৮ সালের এই দিনে রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি হয়।

১৯৪৬ সালের ১৬ নভেম্বর যশোর শহরে জন্মগ্রহণ করেন তরিকুল ইসলাম। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব, ভাইস চেয়ারম্যান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

জাতীয় রাজনীতির পাশাপাশি যশোরের উন্নয়নেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকারের বিভিন্ন মেয়াদে খাদ্য, তথ্য, পরিবেশ ও বনসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। যশোর পৌরসভার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তরিকুল ইসলাম ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির অন্যতম প্রধান সংগঠক। স্থানীয় রাজনীতিতে তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে দলীয় নেতাকর্মীদের কাছে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।

এদিকে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ১০টায় যশোরের কারবালা কবরস্থানে তাঁর কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় জেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং দুপুর সাড়ে ১২টায় জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মুসল্লিদের মধ্যে জায়নামাজ, টুপি ও তসবিহ বিতরণ করা হবে।

এ ছাড়া দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

আগামী ১৪ নভেম্বর বিকেল ৩টায় যশোর টাউন হল ময়দানে তাঁর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মৃত্যুর আট বছর পেরিয়ে গেলেও যশোরের রাজনৈতিক ইতিহাসে তরিকুল ইসলামের নাম ও তাঁর কর্মকাণ্ড এখনো আলোচিত। মৃত্যুবার্ষিকীতে তাঁর রাজনৈতিক সহকর্মী, অনুসারী ও শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।