ঢাকাTuesday , ৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

যশোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ, নাশকতা প্রতিহতের ঘোষণা।

যশোর প্রতিনিধি:
নভেম্বর ৩, ২০২৬ ২:০৫ pm
Link Copied!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। কর্মসূচি থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন সংগঠনগুলোর নেতারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের চারখাম্বা মোড় থেকে শুরু হয়ে থানার মোড় প্রদক্ষিণ করে বকুলতলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজেদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি।

বক্তব্যে মোস্তফা আমির ফয়সাল অভিযোগ করেন, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। তবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, দেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এবং দলটিকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয়।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে ২২ বছর অপেক্ষা করতে হয়েছিল। এবার ৪২ বছর অপেক্ষা করলেও তিনি দেশে ফিরতে পারবেন না।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

এদিকে সম্প্রতি যশোর শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের নামে ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে শহরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।

সমাবেশ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।

সমাপনী বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। পরে নেতাকর্মীরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।