স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার দৌলতপুরে জমি ও বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে রনি হোসেন (৩৮) নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তাঁর এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি তাঁর একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রনি হোসেন ওই গ্রামের মৃত বিশু মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি ও বাঁশ কাটা নিয়ে রনির সঙ্গে একই গ্রামের নাজিরের ছেলে সুমনের বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে সুমন ও তাঁর সহযোগীরা রনির ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও হাতে আঘাত করা হয়। এতে তাঁর একটি হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। হামলার একপর্যায়ে তাঁর মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে স্থানীয়দের অভিযোগ।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রনিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত রনির ভাই রবি জানান, জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন। এ ঘটনায় সুমন ও তাঁর সহযোগীদের জড়িত থাকার অভিযোগ করেন তিনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, জামালপুর গ্রামে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
