খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ জনি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর স্পেশাল কোম্পানি। তিনি আশিক বাহিনীর শুটার হিসেবে পরিচিত বলে জানিয়েছে (এসআরবি ৬)
রোববার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ আভিযানিক দল শিপইয়ার্ড নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আশিক গ্রুপের শুটার জনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক এবং ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জনি খুলনার চানমারি বাজার এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত জাহিদ হাসান।
বাহিনীটির পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেপ্তার জনির অপরাধসংক্রান্ত পূর্ববর্তী রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে, খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য রয়েছে তাঁর বিরুদ্ধে।
এসআরবি-৬ আরো জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলি সাক্ষীদের উপস্থিতিতে আইনের বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার জনির বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করছে এসআরবি-৬ সদর কোম্পানি।
