মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগের ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনের নেতারা।
শনিবার (৩১ অক্টোবর) ফুলবাড়ী থানা শ্রম কল্যাণ কমিটির সম্পাদক মো. রাসেল পারভেজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে পূর্ব গৌরীপাড়া গ্রামের আব্দুল লতিফ বাবু (৫০) ও তাঁর চার-পাঁচজন সহযোগীকে অভিযুক্ত করা হয়েছে।
রাসেল পারভেজের অভিযোগ, গত ৩১ অক্টোবর রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে মেরিনা ফিলিং স্টেশনের সামনে সংগঠনের সাব-অফিসে ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে পাঁচ শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিল করেন।
সংগঠনের সম্পাদক রাসেল পারভেজ ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
