সিরাজগঞ্জ প্রতিনিধি:
অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন সিরাজগঞ্জ, রাজবাড়ী ও পাবনা জেলার ৬৫ জন চরমপন্থি সদস্য।
রোববার (১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জের ৭ জন, রাজবাড়ীর ১৩ জন এবং পাবনার ৪৫ জন রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা এখনো ভুল পথে রয়েছেন, তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। কেউ জন্ম থেকেই সর্বহারা বা চরমপন্থি হয়ে ওঠেন না। নানা পরিস্থিতি ও কারণে মানুষ ভুল পথে পা বাড়ায়। আজ যারা সেই পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা নিজেদের পাশাপাশি অন্যদেরও সঠিক পথে ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন বলে আশা করি।
তিনি আরও বলেন, যারা এখনো অপরাধের পথ ছাড়েননি, তাঁদের উচিত দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসা।
আত্মসমর্পণের মধ্য দিয়ে তিন জেলার ৬৫ জন চরমপন্থি সদস্যের স্বাভাবিক জীবনে ফেরার নতুন যাত্রা শুরু হলো।
