পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের ডিবি রোডে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা সদর উপজেলা কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকা। সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা।
এ সময় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, সাবেক জেলা কমান্ডার মুজিবুল হক ছানা, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, খয়বর হোসেন, শাহিদুল আলম তোতাসহ অন্যরা।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক। মহান মুক্তিযুদ্ধে যাঁরা দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখেছিলেন, তাঁদের একজনের শেষ বিদায়ের সময় এমন পরিস্থিতি তৈরি হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর টুঙ্গিপাড়ায় মারা যান। পরে তাঁর মরদেহ পিরোজপুরে নেওয়া হলে সদর উপজেলা প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতির সময় বাধার মুখে পড়তে হয়। পরবর্তীতে পুলিশ লাইন্সে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। এরপর গভীর রাতে কঠোর পুলিশি পাহারায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গাইবান্ধায় মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানানো হয়।
