নুরউদ্দিন খান সোহাগঃ
খুলনা নগরীর চাঞ্চল্যকর তাওহিদুল ইসলাম তুষার হত্যা মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি আরিফ খানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি। তিনি ‘বি কোম্পানি’র একজন সক্রিয় সদস্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে খুলনা সদর থানাধীন উত্তর টুটপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফের পিতার নাম বেলাল খাঁন। তার বাড়ি টুটপাড়ার ফরিদ মোল্লার মোড় এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, (গত ২২অক্টোবর) তাওহিদুল ইসলাম তুষার মোটরসাইকেলে পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোড থেকে মিস্ত্রিপাড়া বাজারগামী আনসার উদ্দিন সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে আমিনুল ইসলাম অটোরিকশা গ্যারেজের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তাঁর বুকের বাম পাশে বগলের নিচে গুলি লাগে। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম খাঁন বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ থেকে ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনাস্থল থেকে গুলির কার্তুজের অংশবিশেষ পাওয়ায় অস্ত্র আইনে আরেকটি মামলাও করা হয়।
গ্রেপ্তার আরিফকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
