নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিঙ্গা মোসলেম মোড় এলাকায় গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগে মিন্টু গাজী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ২টা ২৫ মিনিটের দিকে মতিউর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক মিন্টু গাজী যশোরের মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের মথুরাপুর গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়িটিতে প্রবেশ করে। এ সময় তারা বাড়িতে থাকা লবণ, হলুদ ও রান্না করা মাংসে চেতনানাশক জাতীয় পদার্থ স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে পরিবারের কয়েকজন অসুস্থ বোধ করলে বিষয়টি তাঁদের সন্দেহ হয়। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাঁরা সতর্ক অবস্থানে থাকেন।
এরপর দুর্বৃত্তরা বাড়ির গেটের তালা খোলার চেষ্টা করলে বিষয়টি টের পান বাড়ির বাসিন্দা জাকারিয়া হোসেন শান্ত। অভিযোগ রয়েছে, এ সময় দুর্বৃত্তদের একজন তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন। পরিস্থিতি বুঝে শান্ত কৌশলে লাঠি দিয়ে আঘাত করলে মিন্টু গাজী মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা ছুটে এসে তাঁকে আটক করেন। তবে এ সুযোগে দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) দীনেশ ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের কাছ থেকে মিন্টু গাজীকে পুলিশি হেফাজতে নিয়ে থানায় যান তিনি।
এ ঘটনায় সিরাজসিঙ্গা মোসলেম মোড় ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও আটকের পাশাপাশি এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
