নিজস্ব প্রতিবেদকঃ
দেশের বিভিন্ন কর্মস্থলে দায়িত্বরত ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগ থেকে বদলিসংক্রান্ত আদেশ নিবন্ধন অধিদপ্তরের নিবন্ধন মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়।
আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার নিবন্ধন মহাপরিদর্শক মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে। এরপর তাঁদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
এ ছাড়া বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির জন্য নিবন্ধন মহাপরিদর্শককে অনুরোধ জানিয়েছে আইন ও বিচার বিভাগ।
প্রশাসনিক সমন্বয়ের অংশ হিসেবে জারি করা এ আদেশের মাধ্যমে ৮৫ জন সাব-রেজিস্ট্রারের কর্মস্থলে পরিবর্তন আসছে।
