নিজস্ব প্রতিবেদক, যশোরঃ
যশোরের শার্শায় যশোর-বেনাপোল মহাসড়ক থেকে ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণসহ জব্দ করা মালামালের মোট মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে আফিল জুট মিলের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জালাল উদ্দিনের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারটি উদ্ধার করা হয়। তাঁর কাছ থেকে নগদ ৩ হাজার ২৪০ টাকা ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটক জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত কাসেম আলী শেখ।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, ঢাকা থেকে স্বর্ণের বারটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে স্বর্ণের চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের বিষয়।
বিজিবির দেওয়া হিসাব অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের বারের আনুমানিক মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা। জব্দ করা মোবাইল ফোনের মূল্য ২০ হাজার টাকা এবং নগদ অর্থ ৩ হাজার ২৪০ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য দাঁড়িয়েছে ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান ও নজরদারি জোরদার রয়েছে।
তিনি আরও জানান, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে স্বর্ণ পাচারসহ সীমান্ত অপরাধ দমনের কার্যক্রম অব্যাহত থাকবে।
