ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা গোলচত্বরের খুলনাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার জিয়াখুলী এলাকার শাহাদাত সরকারের ছেলে স্বাধীন (২০) এবং ভাঙ্গা উপজেলার হাজরাহাটি এলাকার মো. দুলালের ছেলে এজাজুল (২০)।
এ ঘটনায় আহতরা হলেন, নগরকান্দা উপজেলার জিয়াখুলী এলাকার রহমান মাতুব্বরের ছেলে নাসিম (২০) এবং ভাঙ্গা উপজেলার ভারইডাঙ্গা এলাকার মো. শওকত হোসেনের ছেলে রাজন (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ভাঙ্গা গোলচত্বরের খুলনাগামী লেনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চার আরোহীই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বাধীন ও এজাজুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নাসিম ও রাজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাঙ্গা গোলচত্বর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
