ফরিদপুরের ভাঙ্গায় সরকারি খাসজমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (১ নভেম্বর) উপজেলার মানিকদহ ইউনিয়নের তুলসীঘাটা মৌজায় অভিযান চালিয়ে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে সরকারি জমিটি দখলমুক্ত করে প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মানিকদহ ইউনিয়নের ১০ নম্বর তুলসীঘাটা মৌজার বিএস খাস ১ নম্বর খতিয়ানভুক্ত ৩৯১ নম্বর দাগ এবং বিএস ৪ নম্বর খতিয়ানভুক্ত ৩২৯ নম্বর দাগের সরকারি জমিতে স্থানীয় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে দোকানঘর নির্মাণের উদ্যোগ নেন। একপর্যায়ে সেখানে নির্মাণকাজও শুরু করেন তাঁরা।
বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে জমিতে থাকা নির্মাণসামগ্রী ও অন্যান্য মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পুনরায় নির্মাণকাজ শুরু করায় শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহর নেতৃত্বে পুলিশ প্রশাসনের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় সরকারি জমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয় এবং জমিটি দখলমুক্ত করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহ জানান, সরকারি নির্দেশনা অমান্য করে খাসজমি দখলের চেষ্টা করায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষা এবং জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
